দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিরোপার লড়াই, তারকাদের নৈপুণ্য আর টানটান উত্তেজনা—ইংলিশ প্রিমিয়ার লিগ মানেই ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহ। তবে এবার নতুন মৌসুমে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় থাকবে বেশ কিছু পরিবর্তিত নিয়মও। সময়ক্ষেপণ ঠেকানো, বদলি খেলোয়াড় মাঠে নামানো, ভিএআরের ব্যবহার ও রেফারিংয়ের সিদ্ধান্ত প্রকাশ—বিভিন্ন ক্ষেত্রে আসছে নতুন নিয়ম। এসব পরিবর্তন নিয়েই আজ শুরু হচ্ছে ২০২৬-২৭ মৌসুমের প্রিমিয়ার লিগ।
নতুন মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগের ২০ দল মাঠে নামার আগেই রেফারিংয়ে এসেছে বেশ কিছু পরিবর্তন। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) সংশোধিত আইনের পাশাপাশি কিছু নিয়ম পরীক্ষামূলকভাবেও প্রয়োগ করবে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
সময় নষ্ট ঠেকাতে বদলি খেলোয়াড় মাঠে নামানোর প্রক্রিয়ায় আনা হয়েছে নতুন নিয়ম। মাঠ ছাড়ার সময় একজন খেলোয়াড় সর্বোচ্চ ১০ সেকেন্ড সময় পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে মাঠ না ছাড়লে তার বদলি খেলোয়াড়কে সঙ্গে সঙ্গে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে না। সে ক্ষেত্রে এক মিনিট পর প্রথম খেলা বন্ধ হওয়ার মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সময়ক্ষেপণ বন্ধে শুধু বদলির ক্ষেত্রেই নয়, থ্রো-ইন ও গোল কিকের ক্ষেত্রেও নতুন ব্যবস্থা থাকছে। উভয় ক্ষেত্রেই থাকবে পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন। থ্রো-ইনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে খেলা শুরু না করলে বল চলে যাবে প্রতিপক্ষের কাছে। আর গোল কিক নিতে দেরি হলে প্রতিপক্ষ দল পাবে কর্নার।
নতুন মৌসুমে ভিএআরের ভূমিকাতেও পরিবর্তন আসছে। কোনো খেলোয়াড়কে ভুলভাবে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়েছে বলে মনে হলে সেটি পর্যালোচনার সুপারিশ করতে পারবে ভিএআর।
গোলকিপারের চোটকে কেন্দ্র করে সময়ক্ষেপণ ঠেকাতে পরীক্ষামূলকভাবে নতুন নিয়ম চালু করা হচ্ছে। গোলরক্ষকের চোটের কারণে খেলা বন্ধ হলে সংশ্লিষ্ট দলকে একজন আউটফিল্ড খেলোয়াড়কে অন্তত এক মিনিটের জন্য মাঠের বাইরে রাখতে হবে। এই নিয়মের লক্ষ্য গোলকিপারের চোটকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে খেলার গতি থামিয়ে দেওয়ার প্রবণতা বন্ধ করা।
রেফারিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াতেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ম্যাচ সেন্টার থেকে রেফারি ও ভিএআরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাখ্যা প্রকাশ করা হবে। এ ছাড়া যেসব ম্যাচে রেফ ক্যাম ব্যবহার করা হবে, সেসব ম্যাচের পর রেফারির ভিডিও ও অডিও প্রকাশ করা হবে। প্রথমবারের মতো কেএমআই প্যানেলের পূর্ণাঙ্গ সিদ্ধান্তও প্রকাশের ব্যবস্থা থাকছে।
তবে নতুন মৌসুমে সব ধরনের পরিবর্তন কার্যকর হচ্ছে না। ভুলভাবে কর্নার দেওয়া হলে ভিএআর থেকে হস্তক্ষেপ করা হবে না। অর্থাৎ কর্নারের সিদ্ধান্ত নিয়ে রেফারির ভুল ভিএআরের মাধ্যমে সংশোধনের সুযোগ থাকছে না।
এ ছাড়া তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হলে হাইড্রেশন ব্রেক দেওয়া হবে না। মুখ ঢেকে কথা বলার ঘটনায় সরাসরি লাল কার্ড এবং ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়ে নতুন করে ভিএআর রিভিউয়ের নিয়মও প্রিমিয়ার লিগে কার্যকর হচ্ছে না।
নতুন নিয়মের পাশাপাশি মাঠের লড়াইয়েও প্রথম দিন থেকেই থাকবে বাড়তি উত্তেজনা। বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালকে দিয়ে শুরু হচ্ছে এবারের প্রিমিয়ার লিগ।
২২ বছরের অপেক্ষার পর গত মৌসুমে শিরোপা জেতা আর্সেনাল নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে প্রিমিয়ার লিগে নতুন ওঠা কভেন্ট্রি সিটির। দীর্ঘ সময় পর ইংলিশ ফুটবলের সর্বোচ্চ স্তরে ফিরেছে কভেন্ট্রি। ম্যাচটি শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।
এমএস/